Showing posts with label Mobillife. Show all posts
Showing posts with label Mobillife. Show all posts

Sunday, September 20, 2009

| দুই-মেগাপিক্সেল…| ০১ | জাতির উদ্দেশ্যে সালাম |


| দুই-মেগাপিক্সেল…| ০১ | জাতির উদ্দেশ্যে সালাম |
রণদীপম বসু


পঙ্গু-জীবনের অনিশ্চিৎ ভার ভিক্ষার উপরই ছেড়ে দিয়েছে সে। দুই-মেগাপিক্সেলটা তাক করে বললাম- তোমার ছবি অনেকেই দেখবে কিন্তু। সাথে সাথে ডান হাতটা কপালে ঠেকিয়ে জাতির উদ্দেশ্যে সালাম ছুঁড়ে দিলো।

জাতি কী দিয়েছে তাকে, এটা কি ভেবেছে সে ? আমরা যাঁরা কয়েক কেলাশ পাশ দিয়ে বেশ তাগড়া হয়ে উঠেছি, তাঁরাই হয়তো এসব হিসাব-নিকাশ করতে করতে মুখে ফেনা তুলে ভাবি- সালাম ? কাকে দেবো ! কেনো দেবো ! অথচ সে হয়তো হিসাবটাই বুঝে না। বুঝবে কী করে ! সেই সুযোগটাও কি জাতি দিয়েছে তাকে ? তাই কিংবা তবু, জাতির উদ্দেশ্যে সালাম দিতে ভুল করেনি সে।

আস-সালামু-আলাইকুম….. ঈদ ও পুজা মুবারক…


[sachalayatan]

Tuesday, July 28, 2009

# আহা জীবন ভ্রাম্য জীবন...০৭


|ইঁদুর|
রণদীপম বসু

ইঁদুরের বংশ
করে দিন ধ্বংস...!
.
.
যে অদৃশ্য ইঁদুরের দৌরাত্ম্যে ভোগে লোকটি পথে নেমেছে, ইঁদুর নামের কিছু দৃশ্যমান ও ক্ষতিকর প্রাণী ধ্বংস করে অন্যের দিন-যাপনকে আরেকটু নিরুপদ্রব করে দেয়ার জন্য, এসব দৃশ্যমান ইঁদুর হয়তো ধ্বংস হবে ঠিকই।
কিন্তু সেই অদৃশ্য ইঁদুরের দৌরাত্ম্য কি থামবে তাতে...?

[somewherein]

Wednesday, July 22, 2009

# দেখুন তো, চিনতে পারেন কিনা ?


। দেখুন তো, চিনতে পারেন কিনা ?
রণদীপম বসু

ছবির বস্তুটাকে আপনি কি নারিকেল ভাবছেন ? নিশ্চিত থাকুন, এগুলো নারিকেল নয়। তবে তা যে-গাছের ফল বা বীজ, আমাদের অত্যন্ত পরিচিত সে গাছটাকে উদ্ভিদের বৈজ্ঞানিক শ্রেণীকরণে একে তৃণগোত্রের উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হলেও গাছটির আকার আকৃতি বা উচ্চতা বিবেচনায় নিলে আমাদের অনভিজ্ঞ বিস্ময়ের সীমা থাকে না !


বীজই বলুন আর ফলই বলুন, চল্লিশ-পঞ্চাশ বছরে নাকি এই বীজ একবারই ধরে। তাও যদি গাছটাকে সেই বয়েস পর্যন্ত জীবিত রাখি আমরা। সমস্যা হচ্ছে গাছটির ব্যবহারিক প্রয়োজনের সাথে পাল্লা দিয়ে এতগুলো বছর দুধ-কলা খাইয়ে এই গাছ পোষার মতো ধৈর্য্য বা ইচ্ছা কোনোটাই মানুষের থাকে না। ফলে উল্লেখযোগ্য ব্যতিক্রম ছাড়া এই বীজ দেখে যাওয়ার সৌভাগ্য খুব নগন্য মানুষেরই হয়।


ক'দিন আগে শেষ হওয়া ঢাকা বৃক্ষমেলা থেকে আমার এক বন্ধু এই বীজ দুটো কিনে আনেন। এমন কৌতুহল উদ্দীপক কাহিনী শুনে কার না ইচ্ছে হবে ওগুলোকে ফটোফ্রেমে বেঁধে রাখার ! মোবাইল ক্যামেরাটা তাক করে আমিও খিচে দিলাম।


যাঁরা চিনেন, তাঁরা তো চিনেনই। যাঁরা চিনেন না, সুযোগে চিনে রাখুন। এগুলো হচ্ছে ব্যাম্বো সীডস বা বাঁশের বীজ। তাও যে সে বাঁশ নয়, হালকা পাতলা নিরীহ মুলিবাঁশ !
[সবার নিচের ছবিটা নেয়া হয়েছে এখান থেকে।]

[somewherein]

Tuesday, June 23, 2009

# আহা জীবন ভ্রাম্য জীবন। ০৬।


টোকানি...
রণদীপম বসু

সিগারেটের খালি প্যাকেট, ছেঁড়া কাগজ, ফেলে দেয়া জুসের ক্যান, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত জুতা, ভাঙা টিন কিংবা জং ধরা লোহার খণ্ড, সামনে যা কিছু পড়েছে ইত্যাদি সবই হয়তো খুটে খুটে তুলে নিয়ে কাঁধে ঝুলানো প্লাস্টিকের বস্তাটায় ঢুকিয়ে নিয়েছে। দিনমান ঘুরে ঘুরে ভরে ওঠা বস্তাটা নিয়ে চলে এসেছে সিটি কর্পোরেশানের ময়লা জমানোর ডাস্টবিনটার পাশে। এসেই ঢেলে দিলো রাস্তাতেই। আর কোথাও ঢালার তো উপায় নেই। তেড়ে আসবে ভদ্রলোকেরা। তাই ডাস্টবিনের পাশটাই নিরাপদ হয়তো। পরপরই চলে এলো মহিলাটিও, আরেকটি বস্তা কাঁধে করে, হতে পারে লোকটির জীবনসঙ্গিনীই হবে। হয়তো বা নির্ধারিত স্পটই এটা তাদের। ছেলেটিও চলে এলো একইভাবে। বোঝা যাচ্ছে এক পরিবারই হবে এরা।

যা কিছু মুখে গুঁজে বস্তি থেকে একসাথে বেরিয়েছিলো টোকানির কাজে। যার যা সঞ্চয় সব এনে একত্রে ঢেলে এবার বাছাইয়ের পালা। একদিকে কাগজের ভাগ, প্লাস্টিক অন্যদিকে, আরেকদিকে ভাঙারিগুলো এভাবে। পৃথিবীতে কিছুই ফেলনা নয়। কারো কাছে যা বজ্য, অন্যের কাছে তাই দরকারি খুব। জীবনটাই বুঝি এই রিসাইক্লিং-এ চলছে। সবকিছু ক্যাটেগরি অনুযায়ী পৃথক ভাগে এবার হয়তো চলে যাবে সংশ্লিষ্ট আরতে বিক্রির জন্যে। কিছু হয়তো নিজেদেরই ব্যবহারে। অতঃপর যেক'টা মলিন টাকা উঠে আসবে হাতে, কড়কড়ে গন্ধ ছড়াবে কিনা জানিনা। তবে দিনশেষে দু'মুঠো চাল, এক চিমটি ডাল আর এক ভাগা গলে যাওয়া মাছের গুড়ো বা দু'টুকরো আলু হলে একটা দিনের সমাপ্তি ওদের জন্য বালা-মুসিবত ছাড়া ভালোয় ভালোয়ই কেটে গেলো।

কোন এক পূর্বজন্মের অজান্তে দেখে ফেলা দুর্ভাগা স্বপ্নের মতোই এর চেয়ে বেশি কিছু চাওয়াটাই হয়তো ভুলে গেছে ওরা !

আহা, মানুষের স্বপ্ন দেখার ক্ষমতাও কত বেশি সীমিত এখন...!

[somewherein]

Friday, June 19, 2009

# আহা জীবন ভ্রাম্য জীবন। ০৫।


চর্মকার...
রণদীপম বসু

অফিসে আসতে যেতে রোজই দেখি। প্রয়োজন হলে কাছে যাই, বসে পড়ি নির্দ্বিধায় পাশের বাক্সটির উপর। পায়ের জুতো জোড়া খুলে কালি করতে দেই কিংবা কোথাও ফেটে গেলে ছিঁড়ে গেলে নতুন করে সেলাই করিয়ে নিয়ে চকচকে জুতো পায়ে ফের ফিরে যাই নিজ নিজ গন্তব্যে।

নিজস্ব দৃষ্টিভঙ্গি আর প্রকৃতি দিয়ে কেউ ডাকি মুচি, কেউ বলি চামার বা আরেকটু শালীনভাবে চর্মকার। এতেও আমাদের জিহ্বায় যাদের জড়তা একটু বেশি তারা বলি বিদেশি উচ্চারণে সু-মেকার। সবসময় হাসি-খুশি বিনয়ী এতো চমৎকার আচার-ব্যবহার লোকটির, সমান্তলার অবস্থানে আশেপাশের অনেকের চেয়ে কোনোভাবেই খাটো নয় তবু কেউ কি আমরা নিজেদের পাশাপাশি কল্পনাও করি ! সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো তো দূরের কথা ! সামাজিক অবস্থানে অন্ত্যজ এই গোষ্ঠীকেই কি কেউ কেউ ঋষি সম্প্রদায় বলে থাকে ?

এতো সুন্দর সুন্দর জুতো সংস্কার করে তৈরি করে, কিন্তু কখনোই তাকে এসব ব্যবহার করতে দেখি নি। এটাই কি তার সামাজিক সীমাবদ্ধতা ? কী সেই সীমাবদ্ধতা ?

[somewherein]

# আহা জীবন ভ্রাম্য জীবন। ০৪।


ভিক্ষা পায় বলেই এরা ভিক্ষুক।
রণদীপম বসু

যদি ভিক্ষা না পেতো, আমি আপনি আমরা পুণ্যি নামক অলৌকিক বায়বীয় এবং অপ্রমাণিত না জানি কি পাওয়ার উছিলায় চূড়ান্ত বিচারে ক্ষতিকর এই ভিক্ষা দেয়ার কাজটি করে নিজেদের দায়বদ্ধতা ও অপরাধবোধকে জানতে-অজানতে ঢেকে রাখা কিংবা এড়িয়ে যাবার চেষ্টাটি না করতাম, তাহলে হয়তো ভিক্ষা না পেয়ে এরা শ্রমবিমুখ এই ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে শ্রমসাধ্য কোনো উপার্জনক্ষমতায় নিজেদের জড়িয়ে নিতে বাধ্য হতো।


মানবতার জন্য চরম অপমানকর এই পেশাহীন পেশা-প্রবৃত্তিটিকে আর কতোকাল টিকিয়ে রেখে মানবিক বৃত্তিগুলোকে ধ্বংস করবো আমরা ! অশুভ ক্যান্সারের মতো ভিক্ষাবৃত্তির পেছনেও যে অবিশ্বাস্য কিছু প্রভাবশালী সিন্ডিকেট খুব প্রবল ও জঘন্যভাবে সক্রিয় থাকতে পারে তা কি কখনো ভেবেছি আমরা ?

আচমকা আপনার দিকে হাত বাড়িয়ে দেয়া ভিক্ষুকটির চোখের দিকে তাকিয়ে কখনো কি ভেবেছি আমরা, নিজের কারণে সে ভিক্ষুক হয় নি ! তার পেছনে আমি আপনি আমরাই জড়িত, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে !

[somewherein]

Friday, June 12, 2009

# আহা জীবন ভ্রাম্য জীবন। ০৩।


আহা জীবন ভ্রাম্য জীবন। ০৩।
রণদীপম বসু

ভিক্ষার নতুন স্টাইল ?

গলায় বেশ মোটাতাজা একটা গোখরো সাপ। দেখলেই গা রি রি করে ওঠে ! বিষদাঁত নেই বুঝাই যায়। নইলে এমন নির্বিবাদে ঝুলে থাকার কথা নয়। মিনিটে আটবার করে দুফালি লিকলিকে জিহ্বার ছলকানি দেখলে ছমছম করে ওঠে গা। যে মহিলার গলায় ওটা, বেদে যে সে নয় তাও চেহারায় স্পষ্ট। ইশারায় সাপটাকে দেখিয়ে হাতটা বাড়িয়ে দিলো সামনে। ভিক্ষা। তাহলে কি সাপের খাবার যোগাড়ে নেমেছে ! আহা, আজকাল নিজের পেট দেখিয়ে আর পাবলিকের মন ভেজানো যায় না ?

একটা কথাও বলানো যায় নি তার মুখ দিয়ে। ফ্যালফ্যাল চাউনি, আর ইশারায় সাপটাকে দেখিয়ে ভিক্ষা নেয়ার আকুতি। দেখে বড় কষ্ট হলো। সাধারণত ভিক্ষা আমি দেই না। কেন দেই না তা ভিন্ন প্রসঙ্গ।

দুটো টাকা বাড়িয়ে দিলাম। সাপের জন্য নয়। চেহারায় ভেসে ওঠা ক্ষুধাক্রান্ত মহিলাটির জন্য।

[somewherein]

# আহা জীবন ভ্রাম্য জীবন। ০২।


আহা জীবন ভ্রাম্য জীবন। ০২।
রণদীপম বসু

নগরীর ফুটপাথ ধরে আপনি হাঁটছেন। হঠাৎ থমকে গেলেন ! সামনেই একটা উন্মুক্ত নারী ! হয়তো উচ্ছিষ্টও। কেউ বলে পাগল, কেউ বলে বুড়ি, কেউ বা আরো কত কিছুই বলে। কিন্তু কেউ কি একবারও বলে, হোক সে মানসিক ভারসাম্যহীন, তবু গরু-ছাগল তো নয়, একটা বয়স্কা নারীই তো ! যেহেতু একজন নারী, মানুষ তো অবশ্যই। আর মানুষ যদি একমাত্র সভ্য প্রাণী হিসেবে নিজেদের নিয়ে এতোই ফুটানি করে, এটা কেমন সভ্যতা যেখানে জনাকীর্ণ রাস্তা ধরে একটা নারীকে তার শেষ অবলম্বন হারিয়ে এমন অপার নগ্নতা ঢাকার ব্যর্থ চেষ্টা করতে করতে খাবারের খুঁজে এদোকান ওদোকানে হাত পাততে পাততে অবাধ্য ক্ষুন্নিবৃত্তি নিবারণের চেষ্টায় অনিবার্য বেরিয়ে আসতে হয় লোকালয়ে !
হয়তো এই নারীটি তার লজ্জাবোধ এখনো হারায়নি। এজন্যই পরিত্যক্ত একটা শার্টকেই গামছার মতো মুড়ে এক হাতে তার তীব্রতম লজ্জাস্থানটাকে ঢেকে রাখার দুঃসাধ্য চেষ্টাটুকু করেই যাচ্ছিল। যার লজ্জাবোধ এখনো জলাজঞ্জলি ঘটেনি, সে কি পাগল ?
না, সে পাগল নয়। পাগল আমরাই। কারণ লজ্জার একফোঁটাও আমাদের মধ্যে অবশিষ্ট নেই আর ! নইলে ঐ নারীটিকে অন্তত তার লজ্জা বিক্রি করতে এভাবে বেরিয়ে আসতে হতো না। অথচ কোন না কোন নারীকে অবলম্বন করেই আমরা বেড়ে ওঠি পরিবার নামক একটা নিজস্ব ঠিকানায়। ঐ নারী কি সত্যিই ঠিকানা হারা ???

[somewherein]

Wednesday, March 18, 2009

# আহা জীবন ভ্রাম্য জীবন..। ০১।


আহা জীবন ভ্রাম্য জীবন..। ০১।
রণদীপম বসু

প্রতিদিনের প্রাত্যহিকতাগুলো মেনেও রোজ সকালে অফিসের পথে বেরিয়ে আরেকটা যে কাজ প্রতি কর্মদিবসেই করতে হয় আমাকে তা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গায় এসে হাতটা উঠিয়ে অহেতুক নাকটাকে চেপে ধরে ঘ্রাণেন্দ্রিয়ের স্বাভাবিকতাটুকু কিছু সময়ের জন্য রুদ্ধ করে রাখা। কেন ? কারণ রাস্তাটার প্রায় আধেক অংশ জুড়ে যে বড় ডাস্টবিনটাতে এলাকার সব বর্জ্য ও আবর্জনা এসে জমা হয়, তার তীব্র দুর্গন্ধ জায়গাটাকে সাংঘাতিক ভারী করে রাখে। তাই এ জায়গাতে এসে সব পথচারীরাই হেঁটে কিংবা রিক্সায় যেভাবেই যান না কেন, দম বন্ধ করে এক নিঃশ্বাসে পেরিয়ে যাবার তাড়নায় আক্রান্ত হয়ে পড়েন। কিন্তু এক দমে কখনোই পেরনো সম্ভব হয় না কারোরই।


তাড়া থাকলে যা হয়, সবাই একযোগে একই কাজে হামলে পড়ে মূলত স্বাভাবিক অবস্থাটাকে অস্বাভাবিক করে রীতিমতো একটা জট পাকিয়ে তুলি আমরা। ভ্রু কুঞ্চিত, নাসিকা বিকৃত এবং চোখে মুখে বিরক্তির বেসামাল ভাব ধরে আমরা যা করি তা মূলত এক ধরনের বিচ্ছিন্নতাবোধে আক্রান্ত হওয়া। অর্থাৎ তখন আর সামাজিক মানুষ থাকি না আমরা। আমাদের অজান্তেই আমরা প্রচণ্ড এক আত্মকেন্দ্রিকতায় আবদ্ধ হয়ে যাই। সামাজিক প্রাণী হিসেবে আমরা কেউ কি কখনো খেয়াল করেছি যে ওইটুকু দূরত্বের মধ্যে আমাদের কারো মুখে কোন হাসি থাকে না ? কার আগে কে জায়গাটা পেরিয়ে যেতে পারি সেই এককেন্দ্রিক বোধে আমরা একেকটা স্বার্থপর প্রাণীতে রূপান্তরিত হয়ে যাই। সেই কয়েক মুহূর্তের জন্য বন্ধুতা, ভ্রাতৃত্ব, সামাজিক রুচি প্রকাশ কিংবা পরহিতব্রতীতার মতো ইতিবাচক অন্য গুণগুলো (আদৌ যদি তা আমাদের মধ্যে থেকে থাকে বা আরোপিত হয়) দূরে দাঁড়িয়ে হয়তো আমাদেরকে ব্যঙ্গ করতে থাকে। অভ্যস্ত স্বাভাবিকতার বাইরে এই যে মুহূর্তের জন্য আমাদের ভিন্ন প্রেক্ষাপট ফুটে ওঠতে থাকে, এটাই কি আমাদের প্রকৃত চেহারা !



নইলে পেটের দায়ে কর্তব্যরত পরিচ্ছন্নকর্মী নামের যে লোকগুলো এই তীব্র দুর্গন্ধময় অস্বস্তিকর আবহের মধ্যে কোদাল বা বেলচা দিয়ে নির্বিকারভাবে ময়লা আবর্জনাগুলোকে জড়ো করে বিরাট ভ্রাম্যমান ডাস্টবিনটার মধ্যে পুরতে থাকে, তাদের প্রতিই কি আমরা আমাদের বিরক্তিটা বিভিন্নভাবে প্রকাশ করি না ? আমরা হয়তো তা করতেই পারি। কেননা এমন ভদ্রজনোচিত বিরক্তি প্রকাশের অধিকার যে আমাদের ভদ্রলোকদেরই আয়ত্তে ! কিন্তু ক’জনে আমরা এটা ভাবি যে, পেটের দায়ে আরো কতো কাজই তো মানুষ করে। এই ঘৃণ্য কাজটা ছাড়া এরা কি অন্য কোন কাজ বেছে নিতে পারলো না ? আমরা যারা এরকম ভাবতে অভ্যস্ত হয়ে পড়ি তাঁরা হয়তো এটা কখনো ভাবি না যে, যদি এরকম সময় কখনো এসেই পড়ে যখন এই পরিচ্ছন্ন কর্মীরা এ কাজটাকে সত্যি সত্যি ঘৃণ্য ভেবে একযোগে কর্মবিরতি দিয়ে অন্য কাজে পেটের দায় মেটাতে উদ্যোগী হয়ে ওঠে, ফিটফাট ভদ্রলোক আমাদের কী গতি হবে তখন ?
(১৮-০৩-২০০৯)

[somewherein]